কলমে: রাহেলা আক্তার
রিক্ততায় রক্তিম রঙেরও আজ নেই আভাস;
স্বপ্নগুলো জ্বলছে বুঝি নিভু নিভু শ্বাস।
নির্জনতায় ঢেকে গেছে জীবনের সব আশ।
ছল-চাতুরীর রঙ মেলায় মারছো তিলে তিলে,
স্বপ্নচারীর পিছু ছুটছো বিলে আর ঝিলে;
মন পিঞ্জরের আবাসভূমি নব সাজে রাঙিয়ে নিলে।
স্বপ্নের গহন আকাশটাতে বুনছো মিথ্যের তারা,
ভালোবাসার দহন জ্বালায় হৃদয় হল সারা;
তবু খুঁজে ফিরি শান্তির ছায়া, ত্রিভুবনে পাগলপারা।
চৌদিকে মোর অমানিশা—নেই তো কোনো আলো;
ক্ষত কায়ায় নোনতা ছিটিয়ে যত পারো জ্বালো।
প্রবঞ্চনায় ভাবছো বুঝি থাকবে তুমি ভালো?
তোমার ছলে ডুবল প্রাণ, হল অচেনা দিন;
বেদনারা বাঁধল সুর, বাজল অন্তহীন।
তবু জেনো—মিথ্যে সুখে মুছে না কভু ঋণ।
রিক্ততায় ঘুণে ধরেছে আজ হৃদয় পাঁজর,
স্বার্থপরতায় ছেয়ে গেছে ভালোবাসার চাদর;
আয়ুষ্কাল ক্ষয়িষ্ণু, দোদুল্যমান কাফনের কাপড়।
সম্পাদকমণ্ডলীর সভাপতি: আহমেদ হোসাইন ছানু। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। লাইব্রেরি: তুফান ইনিস্টিউট। ইমেইল: sabit.rizwan@yahoo.com। কার্যালয়: রংপুর, বাংলাদেশ।
© ২০২৫ সময়প্রবাহ। লেখার দায় লেখকের; স্বত্ব কর্তৃপক্ষের। ভুল বা বিতর্কে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।