
কলমে: শিরিনা আক্তার
বাড়ির উঠোনে দক্ষিণ পাশে
তিন বছর আগে গড়েছিলাম একটি ছোট্ট বাগান,
স্বপ্ন মিশে ছিল মাটির গন্ধে—
সবুজের ভেতর লুকিয়ে ছিল প্রাণ।
কিন্তু কালের ব্যস্ত স্রোতে
অবহেলায় ঢেকে গেলো তার প্রাণ,
দিনের পর দিন নজর না পেয়ে
নিঃশব্দে কাঁদে সেই বাগান।
আজ শুক্রবার—
ছুটির নরম অলস সকাল,
মনে হলো, আজই তবে
দেই তাকে ভালোবাসার স্পর্শ একটুখান।
নাশতা শেষে পা রাখি বাগানে—
চমকে উঠি দেখি তার হাল!
আগাছার দখলে সবুজ হারিয়ে গেছে,
লতাপাতায় জড়ানো ক্লান্তির জাল।
দল বেঁধে ছড়িয়ে পড়েছে আগাছা,
চারপাশ যেন অবহেলার ছাপ,
তবু সকালের শিশির বিন্দু
ধরে রেখেছে স্নিগ্ধতার মাপ।
আমি ধীরে ধীরে, যত্নে যত্নে
উপড়ে ফেলি প্রতিটি আগাছা,
মাটির বুকে ফিরে আসে আলো—
জেগে ওঠে সবুজের ভাষা।
হঠাৎ দেখি—
আমার প্রিয় গাছগুলো হাসছে,
শিশুর মতো নির্মল মুখে
আনন্দের আলো ভাসছে।
বুক ভরে যেন নিঃশ্বাস নেয় তারা,
প্রাণ ফিরে পায় নতুন করে,
কিছু গাছ ছিল নুয়ে পড়া—
জল দিই তাদের শিকড় ভরে।
খুঁটির সাথে বেঁধে দিই যতনে,
দাঁড়িয়ে ওঠে দৃঢ়তায় ভর,
হেলেদুলে খেলা করে তারা
হাওয়ার মৃদু গানের ঘোর।
তখন মনে হলো—
শিশুরাও তো এমনই,
যত্নে পেলে, ভালোবাসায়
ফুটে ওঠে জীবনের বাণী।
পরিচর্যায় বড় হয় তারা,
শেখে আলো, শেখে পথ,
অবহেলায় হারিয়ে গেলে
অন্ধকারে ডুবে যায় রথ।
ফুলের মতো পবিত্র তাদের মন,
নিষ্পাপ, নির্মল, কোমল প্রাণ,
সঠিক ছোঁয়ায় তারাই একদিন
ছড়াবে ভালোবাসার গান।
গোলাপ, রজনীগন্ধা, বেলি হয়ে
ছড়াবে সুগন্ধ দিগন্তজুড়ে,
মানুষ হয়ে আলোকিত করবে
জীবনের প্রতিটি ঘরে।
গাছের ফুল ঝরে যায় একদিন,
তবু তার সুবাস থাকে চিরকাল—
তেমনি আদর্শ মানুষ হয়ে
বেঁচে থাকে প্রজন্মের অবিরল।
এসো আমরা হই সচেতন—
শিশুরাই আগামীর ধরণী,
যত্নে, মমতায়, ভালোবাসায়
গড়ে তুলি তাদের জীবনভূমি।
কারণ—
পরিচর্যাতেই লুকিয়ে থাকে
একটি সুন্দর আগামীকাল।
সম্পাদকমণ্ডলীর সভাপতি: আহমেদ হোসাইন ছানু। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। লাইব্রেরি: তুফান ইনিস্টিউট। ইমেইল: sabit.rizwan@yahoo.com। কার্যালয়: রংপুর, বাংলাদেশ।
© ২০২৫ সময়প্রবাহ। লেখার দায় লেখকের; স্বত্ব কর্তৃপক্ষের। ভুল বা বিতর্কে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।