আব্দুল কাদের
ফেব্রুয়ারি তপ্ত দুপুর,রাজপথ হলো লাল
বৃষ্টি নয় সে,ঝরলো রক্ত; কাঁপলো মহাকাল।
সালাম, রফিক,বরকতের ঐ বুকের শোনিত ধার
মিশলো মাটির গায় যে আজো, ঘোচাতে অন্ধকার।
দেশ ভাগের ঐ কাঁটাতারেও টান পড়লো প্রাণে
বর্ণমালার টান যে বড়, একুশ কেবল জানে।
হাজার বছর সূর্যতাপেও স্লান হবে না স্মৃতি
অমর একুশ শেখানো মোদের বীরত্বেরই নীতি।
মিছিল চললো প্রভাতফেরির, কন্ঠে জাগলো গান
মায়ের ভাষার সম্মান রক্ষায় সঁপেছে তারা প্রাণ।
সীমানার ঐ রেখা ছাপিয়ে অধিকার হলো বড়
মায়ের ভাষায় কথা বলতে শহীদ হলো জড়ো।
ইখতিয়ার উদ্দিনের সেই বিজয়ী অভিযাত্রায়
বাংলার এই অবারিত রূপ মিশেছে ঐতিহ্যে আর গায়।
ক্ষুঁদিরাম আর তিতুমীরের সেই যে অবিনাশী সুর
মুক্ত হাওয়ার স্বপ্ন বুনে নামলো রোদেলা ভোর।
পাহাড়তলীর অগ্নিকন্যা বীরের সাজে এসে।
শোকের বসন পরলো আজি প্রিয় বাংলাদেশে।
প্রভাতফেরি,প্রভাতফেরি — আমায় নিয়ে চলো
বাংলা মায়ের মুখের বুলিতে জয়ের কথা বলো।
নিজের ভাষায় কথা বলারই আদি সে অধিকার
বাঙালির এই রক্তে কেনা শ্রেষ্ঠ উপহার।
এই আমাদের গর্বের ভাষা,এই তো আপন দেশ
বাঙালির এই বর্ণমালায় মায়া যে অনিমেষ।