স্টাফ রিপোর্টার নীলফামারী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুরে অনুষ্ঠিত বিএনপি জোটের নির্বাচনী সমাবেশে নীলফামারী-১ (ডোমার–ডিমলা) আসনের জন্য জোট মনোনীত প্রার্থী জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দির হাতে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রতীক ‘খেজুর গাছ’ তুলে দেন বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান।
এ সময় তারেক রহমান ডোমার–ডিমলা আসনের সর্বস্তরের জনগণের উদ্দেশে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বিশেষ করে দলীয় নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব ও সাংগঠনিক ঐক্য বজায় রেখে নির্বাচনী কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন তিনি।
সমাবেশে বক্তৃতাকালে মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দি বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই তাঁর রাজনীতির মূল শক্তি।তিনি প্রতিনিয়ত প্রতিটি গ্রাম ও মহল্লায় ছুটে গিয়ে সাধারণ মানুষের খোঁজখবর নিচ্ছেন এবং তাদের দুঃখ-কষ্টের পাশে দাঁড়াচ্ছেন।
রাজনীতি সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, ডোমার–ডিমলা অঞ্চলে মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দি বর্তমানে জোটের একজন গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় মুখ হিসেবে আত্মপ্রকাশ করেছেন। বিএনপি ও জোটভুক্ত দলের নেতাকর্মীরা তাঁর পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দি দীর্ঘদিন ধরে নীলফামারী-১ আসনের মানুষের জন্য নানামুখী সেবামূলক কার্যক্রমে নিয়োজিত রয়েছেন।এর মধ্যে রয়েছে—
গরিব ও অসহায় মানুষের জন্য নিজস্ব উদ্যোগে অ্যাম্বুলেন্স সেবা,
প্রতিবন্ধী ও পঙ্গু ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ,
শীত মৌসুমে অসহায়দের জন্য শীতবস্ত্র বিতরণ,
কোরবানির ঈদে দরিদ্র মানুষের জন্য কোরবানির মাংস বিতরণসহ নানা মানবিক কার্যক্রম।
এ সকল কার্যক্রমের মাধ্যমে তিনি ডোমার–ডিমলা অঞ্চলের সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন বলে স্থানীয়রা জানান।