নিজস্ব প্রতিবেদক
ওমরাহ পালন শেষে দেশে ফিরেই সরকারের অন্যতম অংশীদার বিএনপির কঠোর সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, নির্বাচনের আগে সংস্কারের কথা থাকলেও দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর বিএনপি এখন আর কোনো কিছুর তোয়াক্কা করছে না। এমনকি জুলাই সনদ অনুযায়ী গণভোট হয়নি বলেও দাবি করেন তিনি।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে ওমরাহ পালন শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সংস্কার বনাম নির্বাচন ডা. শফিকুর রহমান বলেন, “আমরা শুরু থেকেই সংস্কারের কথা বলেছিলাম, কিন্তু বিএনপি চেয়েছিল দ্রুত নির্বাচন। এখন দুই-তৃতীয়াংশ ভোট পাওয়ার পর তারা কাউকেই তোয়াক্কা করছে না। এমনকি তারা গণভোটও মানছে না। মনে রাখতে হবে, এবারের গণভোট কিন্তু জুলাই সনদ অনুযায়ী হয়নি।” তিনি আরও অভিযোগ করেন, সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যাদেশ সংসদে উপস্থাপন করছে না।
অধ্যাদেশ বাতিল ও গুম প্রসঙ্গ গুম প্রতিরোধ ও মানবাধিকার সংক্রান্ত অধ্যাদেশগুলো বাতিলের প্রক্রিয়া নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, “গুম প্রতিরোধ অধ্যাদেশ, জাতীয় মানবাধিকার অধ্যাদেশ এবং সচিবালয় অধ্যাদেশ তারা বাতিল করছে। এটা অত্যন্ত দুঃখজনক যে, বিএনপির অধিকাংশ নেতাই অতীতে গুমের শিকার হয়েছিলেন। অথচ এখন তারাই গুম প্রতিরোধের অধ্যাদেশ বাতিল করতে চাচ্ছে।”
বিএনপির প্রতি হুঁশিয়ারি ডা. শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো যদি যথাযথ আইনি প্রক্রিয়ায় পাস না করা হয় বা বাতিল করে দেওয়া হয়, তবে বিএনপি কখনোই কলঙ্কমুক্ত হতে পারবে না।” তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনআকাঙ্ক্ষা রক্ষায় সরকারকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।