১. ৩৬ জুলাই-স্বাধীন বাংলাদেশ
স্বৈরাচারের বুকে কাঁপন
দেয় ধরিয়ে ছাত্র যখন
হকচকিয়ে বুলেট তখন
এদিক-সেদিক ছোটে,
বেলকনিতে ময়না পাখি
অবুঝ মনে দুইটা আঁখি
আকাশপানে চেয়ে থাকি
স্বপ্নগুলো মেলছিল,
উপর থেকে ছুড়লে গুলি
উড়ায় দিলো মাথার খুলি
হারায় গেল মুখের বুলি
কী সীমাহীন চোটে!
নতুন দিনের স্বপ্ন এঁকে
আমজনতা বীরের বেশে
বুক চিতিয়ে মুচকি হেসে
জীবন নিয়ে খেলছিল।
বীর জনতার খুন ঝরিয়ে
স্বাধীন হল বেশ
জুলাই মানে অকুতোভয়
নতুন বাংলাদেশ।।
২. বাঙালীর জুলাই
বাংলা মায়ের বীর ছেলেরা
জুলাই কিনে আনলো,
হাজার প্রাণের খুন ঝরিয়ে
ফ্যাসিরা হার মানলো।
রক্ত দিয়ে দেশ কিনলাম
একবার নয় দু’বার,
লাল সবুজের ঐ পতাকা
আর দেবোনা ছুঁ’বার।
পানি চাইলে ঝরনা দেব
রক্ত চাইলে রক্ত,
বীর বাঙালি বীর জনতা
সীসার মত শক্ত।।
৩. জুলাই মানে
জুলাই মানে নব্য স্বাধীন
জুলাই মানে অকুতোভয়,
জুলাই মানে দেশপ্রেম
জেন-জির হল জয়।
জুলাই মানে বিপ্লব
জুলাই মানে হার না,
জুলাই মানে আন্দোলন
ফ্যাসিবাদ আর না।
জুলাই মানে অগ্নিবীণা
জুলাই মানে গর্জন,
জুলাই মানে গ্রাফিতি
জেন-জির অর্জন।
জুলাই মানে লাশের সারি
জুলাই মানে হাহাকার,
জুলাই মানে অবসান
ফ্যাসিবাদের পাপাচার।
জুলাই মানে আত্মত্যাগ
জুলাই মানে যুদ্ধ,
জুলাই মানে জেন-জি
আবু সাইদ মুগ্ধ।
জুলাই মানে ছত্রিশ
জুলাই মানে রক্ত,
জুলাই মানে বাঙালি
সীসার মতো শক্ত।
জুলাই মানে সাম্য-ন্যায়
জুলাই মানে একতা,
জুলাই মানে ইতিহাসে
থাকবে লেখা সে-কথা।।
৪. ছত্রিশে জুলাই
অনেক ভারী
লাশের সারি
পেরিয়ে এল জুলাই,
বুলেটের ভয়
পায়না বিজয়
দিয়ে বাধা শতো,
জালিম জনে
মলিন মনে
পালিয়ে গেলো দূরে,
বছর শেষে
বিজয় বেশে
ঘুরে আসে জুলাই ।
জুলায়ের দিন
শহিদের ঋণ
খুন ঝরিয়ে কতো ?
জুলাই স্মৃতি
শহিদ প্রীতি
বাঙালির বুক জুড়ে ।।
৫. জুলাই মানে-২
জুলাই মানে লড়তে শেখা
ভয় না পেয়ে লাশের সারি,
জেল জুলুম আর চোখ রাঙানি
আমরা নবীন ধার না ধারি।
জুলাই মানে লড়তে শেখা
অস্ত্র ছাড়া বুকের তেজে,
জালিম যতই দিক ছড়িয়ে
ভয়ের ফানুস হায়না সেজে।
জুলাই মানে বিজয় আনা
ভেঙে শত বাধার প্রাচীর,
গোলামী নয় কারো বাবার
হোক না দিল্লি বা করাচির।
জুলাই মানে চলতে শেখা
উঁচু-নিচু, নদী পাহাড়,
সময় এখন নতুন করে
সমূখ পানে এগিয়ে যাবার।