নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ-এর সংবর্ধনা ও জগন্নাথপুর উপজেলার উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন, জগন্নাথপুরের আয়োজনে শনিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ কয়ছর আহমেদ বলেন, আমরা একটি আলোকিত জগন্নাথপুর পাবো এবং এখানে জগন্নাথপুরবাসীর দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। তিনি উল্লেখ করেন যে, এই সংবর্ধনা কেবল তার ব্যক্তিগত নয়, বরং এটি জগন্নাথপুর ও শান্তিগঞ্জের সর্বস্তরের মানুষের সম্মান। তিনি উপজেলার সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় জগন্নাথপুর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক দাবি ও সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমেদ, জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ মোঃ বদরুদ্দোজা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন এবং মাধ্যমিক একাডেমির সুপারভাইজার অরুপ কুমার রায়।
এছাড়া শিক্ষা ও আইনি বিষয়ে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুব আলম ও সুনামগঞ্জ জজ আদালতের এডিশনাল পিপি এডভোকেট জিয়াউর রহিম শাহিন।
জনপ্রতিনিধি ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে বক্তব্য রাখেন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, ইকড়ছই মাদ্রাসার অধ্যক্ষ সাইফুল ইসলাম, জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মশাহিদ ভূঁইয়া, সাংবাদিক শাহজাহান মিয়া এবং জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মতিন।
বক্তারা উপজেলার সড়ক, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে সংসদ সদস্যের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে সমন্বয় করে কাজ করার প্রতিশ্রুতি প্রদান করেন।