অনলাইন ডেস্ক | সময়ের ভাবনা
ঢাকা: ভারতের আঞ্চলিক অখণ্ডতা নিয়ে সাম্প্রতিক কিছু বক্তব্যের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে জড়ানোর অপচেষ্টাকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে এর তীব্র নিন্দা জানিয়েছে দলটি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে জামায়াত নেতা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের অন্যতম যোদ্ধা শরিফ ওসমান হাদির ওপর বর্বর হামলা এবং পরবর্তীতে হামলাকারীদের প্রতিবেশী দেশে আশ্রয় গ্রহণের খবরে জনগণের মধ্যে যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে, তা তারা গভীরভাবে লক্ষ্য করছেন। এই প্রেক্ষাপটে জনপরিসরে ভারতের ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। তবে এই আলোচনার মধ্যে কারো কারো দেওয়া বক্তব্যের সাথে জামায়াতে ইসলামী বা ছাত্রশিবিরকে জড়ানোর চেষ্টাটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র।
অ্যাডভোকেট জুবায়ের স্পষ্টভাবে উল্লেখ করেন, যে কোনো দেশের আঞ্চলিক অখণ্ডতার প্রশ্নে জামায়াতে ইসলামী আপোষহীন। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী বরাবরই ন্যায়বিচার, আন্তর্জাতিক আইন, প্রতিবেশী রাষ্ট্রসমূহের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল এবং ভবিষ্যতেও থাকবে।
বিবৃতিতে হাদি হত্যাচেষ্টায় জড়িতদের নিন্দা জানিয়ে বলা হয়, হামলাকারীরা যেভাবে ভারতে আশ্রয় নিয়েছে তা দুঃখজনক। অবিলম্বে তাদের বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের জন্য ভারতের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী।
পরিশেষে, এ ধরনের অপপ্রচার ও মিথ্যাচার অবিলম্বে বন্ধ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয় বিবৃতিতে।
তথ্যসূত্র: দ্য ডেইলি ক্যাম্পাস এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রেস বিজ্ঞপ্তি।